প্রথম বর্ষে ভর্তির সব আসন পূরণ, ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমানো এবং নির্ধারিত সময়ে শিক্ষাবর্ষের কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সমন্বয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
রোববার (১৫ নভেম্বর) ইউজিসি ভবনে দেশের কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন।
সভায় ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক মো. আবদুল্লাহ আল-মামুন হোসেন, অধ্যাপক ড. মো. আসলাম হোসেন, সচিব ড. মো. ফখরুল ইসলাম এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিলুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানসহ দেশের ৯টি কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সভায় অংশ নেন।
সভায় উচ্চশিক্ষা, গবেষণা ও ভর্তি প্রক্রিয়ার বিভিন্ন দিক তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ইউজিসি চেয়ারম্যান। তিনি জানান, ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের মান উন্নয়ন, শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও বিশ্লেষণী দক্ষতা যাচাই এবং ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে ভর্তি কার্যক্রম আরও গতিশীল করে সব আসন পূরণের লক্ষ্যে উপাচার্যদের সমন্বয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি।
ইউজিসি চেয়ারম্যান বলেন, ভর্তি প্রক্রিয়ার জটিলতার কারণে কোনো আসন খালি রাখা যাবে না। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে একাডেমিক কার্যক্রম শুরু ও শেষ করতে হবে।
দেশের কৃষি, অর্থনীতি ও সমাজের বিদ্যমান সমস্যার কার্যকর সমাধানে গবেষণার পরিধি বাড়ানোর আহ্বান জানান তিনি। বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনের তথ্য তুলে ধরে অধ্যাপক ড. মামুন আহমেদ উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশে ৬০ শতাংশের বেশি স্নাতক ডিগ্রিধারী তরুণ যোগ্যতা অনুযায়ী চাকরি না পেয়ে অনানুষ্ঠানিক খাতে কাজ করতে বাধ্য হচ্ছেন।
এ পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম আধুনিক ও কর্মমুখী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাঠ্যক্রম প্রণয়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করা এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্পখাতের সমন্বয় জোরদারের পরামর্শ দেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।










