পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের পাউরুটির ভেতরে ধারালো ব্লেড পাওয়ার অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিত সাহা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেনকে। অন্য দুই সদস্য হলেন দেবীগঞ্জ থানার একজন উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার প্রতিনিধি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর।
অফিস আদেশে গত ৫ নভেম্বর উপজেলার দণ্ডপাল ইউনিয়নের ১১৬ নম্বর প্রধানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর পাউরুটির ভেতরে ধারালো ব্লেড পাওয়ার অভিযোগের বিষয়ে সরেজমিন তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত শেষে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ আগামী সাত কার্যদিবসের মধ্যে ইউএনওর কাছে প্রতিবেদন দাখিল করতে কমিটিকে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর প্রধানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির এক শিক্ষার্থীর স্কুল ফিডিংয়ের পাউরুটির ভেতরে ধারালো ব্লেড পাওয়ার অভিযোগ ওঠে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় স্কুল ফিডিং কর্মসূচিতে শিশুদের খাবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।









