সৌহার্দ্য, সম্প্রীতি, আনন্দ-উচ্ছ্বাস ও সাংবাদিকতার নতুন প্রত্যয়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে জাতীয় দৈনিক অভয়নগরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) রাজধানীর সোবহানবাগ, ধানমন্ডি-২৭ এলাকার ড্যাফোডিল প্লাজার নবম তলায় আয়োজিত এ অনুষ্ঠান পরিণত হয় সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, পত্রিকার প্রতিনিধি, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীদের এক প্রাণবন্ত মিলনমেলায়।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মনজুর হোসেন ইশা এবং বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক আনিয়া ইশরাক ইকরার সঞ্চালনায় সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক অভয়নগরের সম্পাদক ও প্রকাশক মো. শাহিন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ও নোয়াপাড়া গ্রুপের চেয়ারম্যান ফাইজুর রহমান বকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ফাইন আর্ট কলেজের প্রভাষক ও শিল্পী সঞ্জীবন লহরী, ন্যায় প্রতিষ্ঠা মঞ্চের চেয়ারম্যান ড. কাজী মনিরুজ্জামান মনির, জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, সোনারগাঁ থানা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান এবং আরএফএল গ্রুপের এক্সিকিউটিভ ডিলার শেখ তইদুল ইসলাম সবুজ।
জাতীয় দৈনিক অভয়নগরের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপসম্পাদক রফিকুল ইসলাম রফিক, বার্তা সম্পাদক রবিউল ইসলাম ও সহ-মফস্বল সম্পাদক সাদিয়া হক।
এ ছাড়া প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন পত্রিকার নির্বাহী সম্পাদক এস এম উজ্জ্বল হোসেন, উপসম্পাদক ফারুক শেখ, প্রধান প্রতিবেদক (চিফ রিপোর্টার) ইসমাইল হোসেন এবং মাল্টিমিডিয়া ইনচার্জ দীপক কুমার ধর। পুরো আয়োজনের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন ৭১ মিডিয়া ভিশনের সিইও ও পত্রিকার বিনোদন সম্পাদক আর কে রিপনসহ সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যতম আকর্ষণ ছিল সংবাদ লেখার ওপর বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। এতে সংবাদ সংগ্রহ, তথ্যের সত্যতা যাচাই, সংবাদ নির্মাণের কৌশল, ভাষার শুদ্ধতা, আকর্ষণীয় ও যথাযথ শিরোনাম নির্বাচন এবং দায়িত্বশীল সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিক ও প্রতিনিধিরা পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সংবাদ পরিবেশনের আধুনিক কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন। এ কর্মশালা তাঁদের পেশাগত জীবনে নতুন অভিজ্ঞতা, আত্মবিশ্বাস ও কাজের অনুপ্রেরণা জোগায়।
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণমাধ্যমের দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ।
আলোচনা পর্বে গণমাধ্যমের বর্তমান প্রেক্ষাপট, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব, সাংবাদিকতার নৈতিকতা এবং সমাজ ও রাষ্ট্রের প্রতি গণমাধ্যমের দায়বদ্ধতা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন অতিথিরা।
বক্তারা বলেন, একটি সংবাদপত্র কেবল সংবাদ প্রকাশের মাধ্যম নয়; এটি সমাজের দর্পণ এবং মানুষের আশা-আকাঙ্ক্ষা, অধিকার ও বাস্তবতার প্রতিচ্ছবি। পাঠকের আস্থা অর্জন এবং তা ধরে রাখতে সততা, নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও পেশাদারত্বের কোনো বিকল্প নেই। তাঁরা আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মধ্য দিয়েই একটি গণমাধ্যম মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিতে পারে।
এ সময় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তোলা এবং গণমানুষের কথা সাহসিকতার সঙ্গে তুলে ধরার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।দেশজুড়ে কর্মরত সাংবাদিক ও প্রতিনিধিদের সম্মাননা প্রদান
অনুষ্ঠানের অন্যতম আবেগঘন ও আকর্ষণীয় পর্ব ছিল সারাদেশে কর্মরত জাতীয় দৈনিক অভয়নগরের সাংবাদিক ও প্রতিনিধিদের সম্মাননা প্রদান। পত্রিকার অগ্রযাত্রায় তাঁদের শ্রম, নিষ্ঠা, আন্তরিকতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ আমন্ত্রিত অতিথিরা প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক, টি-শার্টসহ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন।
সম্মাননা গ্রহণের মুহূর্তে প্রতিনিধিদের মধ্যে আনন্দ, গর্ব ও প্রাপ্তির অনুভূতি ছড়িয়ে পড়ে। তাঁদের এ স্বীকৃতি আগামী দিনের পেশাগত পথচলায় আরও নিষ্ঠা, দায়িত্বশীলতা ও উদ্দীপনার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও বর্ণিল করে তোলে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। পাশাপাশি অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য ছিল মধ্যাহ্নভোজের বিশেষ আয়োজন। প্রশিক্ষণ কর্মশালা, আলোচনা সভা, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আপ্যায়নের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
একটি সংবাদপত্রের তিন বছরের পথচলা কেবল সময়ের হিসাব নয়; এটি অভিজ্ঞতা অর্জন, পাঠকের আস্থা তৈরি, নানা প্রতিকূলতা অতিক্রম এবং নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়ার এক নিরবচ্ছিন্ন অভিযাত্রা। জাতীয় দৈনিক অভয়নগরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর এই বর্ণাঢ্য আয়োজন সেই অগ্রযাত্রারই এক উজ্জ্বল প্রতিচ্ছবি।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি, সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা প্রত্যাশা ব্যক্ত করেন, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে জাতীয় দৈনিক অভয়নগর আগামী দিনগুলোতে আরও সমৃদ্ধ ও গ্রহণযোগ্য গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হবে।
দিনশেষে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন পরিণত হয় সৌহার্দ্য, ভালোবাসা, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনের এক স্মরণীয় মিলনমেলায়। তিন বছরের পথচলার আনন্দঘন এই মুহূর্তে জাতীয় দৈনিক অভয়নগর পরিবারের প্রতি জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সত্যের সন্ধানে, মানুষের কল্যাণে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে জাতীয় দৈনিক অভয়নগরের আগামী দিনের পথচলা আরও বেগবান, সমৃদ্ধ ও সাফল্যমণ্ডিত হোক—এমন প্রত্যাশার মধ্য দিয়েই শেষ হয় তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন।









