বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় বরিশালের বাকেরগঞ্জে এক নববধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর স্বজন দুলাভাই ও চাচাশ্বশুরের বিরুদ্ধে।
এ ঘটনায় দায়ের করা মামলার ২৪ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় দুই আসামিকে ঢাকা-নারায়ণগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের আড়াইবেকী গ্রামের মোঃ ইমরান প্যাদা (৩০) ও রাকিব প্যাদা (২৫)।
শনিবার (৩১ অক্টোবর) রাত ৭টা ৫ মিনিটে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। পরে রবিবার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী নববধূ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর রাতে নতুন পোশাক কিনে দেওয়ার কথা বলে নববধূকে বাজারে নিয়ে যান তাঁর সৎ বড় ভাসুর ও বড় বোনের স্বামী মোঃ ইমরান প্যাদা। পরে বাড়ি ফেরার পথে একটি নির্জন স্থানে নিয়ে ইমরান প্যাদা ও তাঁর চাচা শ্বশুর রাকিব প্যাদা মিলে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই নারী।
এ ঘটনার প্রতিকার চেয়ে গত ২৩ অক্টোবর বরিশাল জেলা লিগ্যাল এইড অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। পরবর্তীতে লিগ্যাল এইড অফিসের নির্দেশনা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ৩০ অক্টোবর শুক্রবার সকালে বাকেরগঞ্জ থানায় উপস্থিত হয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন তিনি।
বাকেরগঞ্জ থানায় এ ঘটনায় মামলা নম্বর ২৪। মামলা দায়েরের পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যান। পরে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ও অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে তাঁদের গ্রেফতার করে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আদিল হোসেন জানান, মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুর ২টার দিকে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।









