পটুয়াখালী জেলার দুমকি উপজেলার ঐতিহ্যবাহী পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদরাসার গভর্নিং বডির নতুন সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন সাইফুল মজিদ মো. বাহাউদ্দিন। পূর্বে এ পদে দায়িত্ব পালন করছিলেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (অ.দা.) প্রফেসর ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম স্বাক্ষরিত শনিবার (১৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদরাসার গভর্নিং বডির পূর্ববর্তী সভাপতি পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-কে পরিবর্তন করে তাঁর স্থলে দুমকি উপজেলার জলিশা গ্রামের সন্তান সাইফুল মজিদ মো. বাহাউদ্দিন-কে অবশিষ্টাংশের মেয়াদের জন্য নতুন সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়ের অনুমোদনক্রমে এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বিধি মোতাবেক এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। নবনির্বাচিত সভাপতি সাইফুল মজিদ বাহাউদ্দিন মাদরাসার শিক্ষার গুণগত মান উন্নয়ন ও সার্বিক অগ্রগতিতে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও স্থানীয় সুশীল সমাজ, শিক্ষক এবং অভিভাবকবৃন্দ।









