পটুয়াখালী-১ (সদর, দুমকি ও মির্জাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী সাত দিনের সফরে নিজ নির্বাচনী এলাকায় আসছেন। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিনি পটুয়াখালী সদর, নিজ উপজেলা মির্জাগঞ্জ ও দুমকিতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত তাঁর সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।
সফরকালে তিনি স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে রওনা দেবেন তিনি। এছাড়া ১৬ অক্টোবর, শুক্রবার বিকেল ৪টায় আঙ্গারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভাটি সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সাত দিনের কর্মসূচি শেষে আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। তবে জরুরি প্রয়োজনে এই সফরসূচিতে পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে।








