পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অ্যাকাউন্টস অটোমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় স্যালারি বিলিং সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, শিক্ষা, লাইব্রেরি, পরিবহনসহ গুরুত্বপূর্ণ শাখা এবং শিক্ষার্থীদের সংশ্লিষ্ট সব কার্যক্রম পর্যায়ক্রমে অটোমেশনের আওতায় আনার ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে প্রধান অতিথি হিসেবে সফটওয়্যারটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, আইসিটি পরিচালক ড. মো. শামসুজ্জামান সবুজ, বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) প্রধান নির্বাহী মোহাম্মদ তাওরিতসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শাখাপ্রধানরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ শাখা ও দপ্তরগুলোকে পর্যায়ক্রমে অটোমেশন সফটওয়্যারের আওতায় আনা হবে। এর অংশ হিসেবে হিসাব শাখায় অ্যাকাউন্টস অটোমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের স্যালারি বিলিং সফটওয়্যার চালু করা হয়েছে।
তিনি বলেন, নতুন এই ব্যবস্থার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা প্রতি মাসে তাঁদের বেতন ও অন্যান্য ভাতাদির তথ্য স্বয়ংক্রিয়ভাবে জানতে পারবেন। এসব তথ্য ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে পৌঁছে যাবে। এতে বেতন-ভাতার তথ্যপ্রাপ্তি আরও সহজ ও দ্রুত হবে।
উপাচার্য আরও জানান, পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শাখা, শিক্ষা শাখা, কেন্দ্রীয় লাইব্রেরি, পরিবহন শাখা ও সংস্থাপন শাখাসহ শিক্ষার্থীদের সংশ্লিষ্ট সব কার্যক্রমে অটোমেশন সফটওয়্যার চালু করা হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষাসংক্রান্ত কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তথ্যসূত্র: ড. রাহাত মাহমুদ, পরিচালক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগ, পবিপ্রবি।









