মাদক সেবনের দায়ে ঢাকা-কুয়াকাটাগামী ‘কুয়াকাটা এক্সপ্রেস’ নামের বাসের দুই চালককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে কুয়াকাটা বাসস্ট্যান্ডে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক এ অভিযানে নেতৃত্ব দেন।
ইয়াসীন সাদেক জানান, বাসের দুই চালক হিমেল (৩২) ও মাহিম আহম্মেদ তন্ময়কে (৩২) অ্যালকোহল ও গাঁজা সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁদের আরও ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালীর একটি চৌকস দল তাঁদের আটক করে।









