এবারের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য ছিল—‘অভিন্ন লক্ষ্য, উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি’।
এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে বিশ্ব মান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পটুয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী আশরাফুল করিম। বক্তব্যে তিনি বিশ্ব মান দিবস পালনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক মান বজায় রেখে পণ্য উৎপাদন ও রপ্তানির ওপর গুরুত্ব দেন তিনি। সুস্থ জাতি গঠনে মানসম্মত পণ্য উৎপাদন ও ব্যবহারের আহ্বান জানান জেলা প্রশাসক।
বিএসটিআইয়ের উপপরিচালক (পুরকৌশল ও যন্ত্রকৌশল) মো. মুরসালীন মাহফুজের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। তিনি ব্যবসা-বাণিজ্যের প্রসারে পণ্যের গুণগত মানের গুরুত্ব তুলে ধরেন এবং বিএসটিআইয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে উপস্থিত ব্যক্তিদের অবহিত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার আবু ইউসুফ পণ্যের মান নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পণ্যের গুণগত মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে উৎপাদক ও ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান পুলিশ সুপার।
পটুয়াখালীর সিভিল সার্জনের প্রতিনিধি ডা. জিয়াউর রহমান তাঁর বক্তব্যে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে সর্বক্ষেত্রে সঠিক পরিমাপ নিশ্চিত করার আহ্বান জানান।
সভায় মুক্ত আলোচনায় অংশ নেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. মুজিবুর রহমান, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. নাজমুল আহসান এবং পটুয়াখালী মেডিকেল কলেজের চিকিৎসক ডা. মেহেদী হাসান।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসীন উদ্দিন। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।









