পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কাউখালী উপজেলা শাখার আয়োজনে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় (২০২৬-২৭ অর্থ বছর) উপজেলা পর্যায়ে ‘হাঁস-মুরগি পালন’ বিষয়ক ৩ দিনব্যাপী আয় বর্ধনমূলক প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে দশটায় বিআরডিবি মিলনায়তনে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার এবং উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার জিনারুল ইসলাম। এ প্রশিক্ষণে উপজেলার মোট ৩০ জন প্রান্তিক নারী অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণদানকালে উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার বলেন,
গ্রামের নারীরা কেবল গৃহস্থালি কাজের মধ্যেই সীমাবদ্ধ না থেকে অল্প পুঁজিতে হাঁস-মুরগি পালন করে কীভাবে খুব সহজেই নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারেন আমরা সেই পথটিই এ প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করার চেষ্টা করছি। অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি সমাজে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে নারীদের সচেতন ও সোচ্চার হতে হবে। একজন সচেতন ও স্বাবলম্বী নারীই পারে তার পরিবার তথা পুরো সমাজকে বদলে দিতে।
প্রশিক্ষণে অংশ নেওয়া নারী রিপা আক্তার ও মুন্নি বেগম তাদের অনুভূতি প্রকাশ করে জানান, এ ধরনের প্রশিক্ষণে আসতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। হাঁস-মুরগি পালনের সঠিক পদ্ধতি ও অল্প পুঁজিতে স্বাবলম্বী হওয়ার এমন অনেক অজানা তথ্য তারা জানতে পেরেছেন, যা তাদের ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে দারুণভাবে সাহায্য করবে।









