ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মো. ওবায়দুল্লাহ মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। তিনি জেলা বিএনপির সহসভাপতি।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ। তিনি জানান, দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে ওবায়দুল্লাহ মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দুই নেতা মো. ওবায়দুল্লাহ মাসুদ ও মির্জা ফয়সল আমিনসহ মোট ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এরপর থেকেই বিএনপির দলীয় প্রতীক ‘ধানের শীষ’ কে পাচ্ছেন, তা নিয়ে আলোচনা শুরু হয়।
মনোনয়নপত্র বৈধ হওয়ার পর ওবায়দুল্লাহ মাসুদ জানিয়েছিলেন, একই দিনে দল থেকে তাঁদের দুজনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তাঁরা মনোনয়নপত্র জমা দেন। প্রতীক বরাদ্দের আগে দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে চূড়ান্ত প্রার্থীর নাম পাঠানোর কথা ছিল। তালিকায় যাঁর নাম থাকবে, তিনিই ‘ধানের শীষ’ প্রতীক পাবেন এবং অপর প্রার্থী দলীয় সিদ্ধান্ত মেনে প্রার্থিতা প্রত্যাহার করবেন।
ওবায়দুল্লাহ মাসুদের প্রার্থিতা প্রত্যাহারের ফলে এ আসনে বিএনপির অপর প্রার্থী মির্জা ফয়সল আমিনের প্রার্থিতা বহাল থাকছে। এখন নির্বাচন কমিশনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে তাঁর নাম পাঠানো এবং দলীয় প্রতীক বরাদ্দের আনুষ্ঠানিকতা বাকি রয়েছে।
এদিকে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির পাশাপাশি ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুকের মনোনয়নও বৈধ হয়েছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।








