পিরোজপুরের কাউখালীতে যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী-শিশু নির্যাতন এবং অনলাইনে হয়রানিসহ সমসাময়িক নানা সামাজিক অপরাধ প্রতিরোধে তরুণ প্রজন্মের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে কাউখালী সদর ইউনিয়নের কাঠালিয়া পিজিএস বহুমুখী কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে সামাজিক মূল্যবোধ বৃদ্ধি ও সচেতনতা তৈরিতে উন্মুক্ত আলোচনা করা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাঠালিয়া পিজিএস বহুমুখী কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সহকারী প্রধান শিক্ষক নীতি বিকাশ মিস্ত্রি, সহকারী অধ্যাপক সন্তোষ কুমার এদবর। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আব্দুর রহমান, নারী নেত্রী মৌমিতা সাহা এবং শিক্ষার্থী আব্দুল্লাহ মাহিম ও নুসরাত জাহান প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার বলেন,
আমাদের আজকের তরুণ সমাজই ভবিষ্যতের বাংলাদেশ গড়বে। বর্তমানে সোশ্যাল মিডিয়া ও প্রযুক্তির ব্যাপক ব্যবহারের ফলে অনলাইনে হয়রানি ও নানা ধরনের সাইবার অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর পাশাপাশি বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের মতো ব্যাধিগুলো এখনো সমাজ থেকে পুরোপুরি নির্মূল হয়নি। আমরা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দিতে চাই, যাতে তারা শুধু নিজেরাই সুরক্ষিত না থাকে, বরং এসব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী ভূমিকা পালন করতে পারে। তরুণ সমাজ সচেতন ও সংগঠিত হলে সব ধরনের সামাজিক ব্যাধি প্রতিরোধ করা সম্ভব।
বক্তারা তাঁদের আলোচনায় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং যেকোনো অপরাধমূলক ঘটনার সম্মুখীন হলে প্রতিবাদ করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নেওয়ার পরামর্শ দেন।









