পিরোজপুরের কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার সুরক্ষার বার্তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক মাস উপলক্ষে উপজেলার নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ এ মতবিনিময় সভায় অংশ নেন।
বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক শাহিদা হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আমরাজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, কাউখালী মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক কুমকুম ভট্টাচার্য, শিক্ষক আব্দুর রহমান, মমিরুল ইসলাম, শিউলি কর্মকার, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, ব্যবসায়ী মাসুম বিল্লাহ, নিকাহ রেজিস্ট্রার মো. শফিকুল ইসলাম, নারী নেত্রী জাহানুর বেগম, মাহফুজা খাতুন, নিতু মণ্ডল, রেক্সোনা খানম ও মৌমিতা সাহা প্রমুখ।
সংগঠনের সভাপতি সুনন্দা সমাদ্দার বলেন, সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে নারীর মানবাধিকার ও সামাজিক অধিকার সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই আমাদের লক্ষ্য। নারী অধিকার কেবল নারীদের বিষয় নয়, এটি সমগ্র সমাজের অগ্রগতির বিষয়। আমরা চাই, তৃণমূল পর্যায়ের নারী-পুরুষ সবাই একসঙ্গে বসে এসব বিষয় নিয়ে ভাবুক এবং কুসংস্কার দূর করে একটি সমতাভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখুক।









