পিরোজপুরের কাউখালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মিজ রেহেনা আক্তার।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে তিনি প্রথমে পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়। জেলা প্রশাসন আশা প্রকাশ করে, তাঁর দায়িত্ব পালনের মাধ্যমে কাউখালী উপজেলার প্রশাসনিক কার্যক্রম, জনসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
পরে বেলা সাড়ে ১১টায় নতুন ইউএনও কাউখালী উপজেলা পরিষদ কার্যালয়ে পৌঁছালে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
যোগদান শেষে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে জনসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।








