বরগুনার আমতলীতে বিচারকাজ চলাকালে আদালতকে কটূক্তির দায়ে অস্ত্র মামলার এক আসামিকে তাৎক্ষণিকভাবে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত রনি খান তালতলী থানায় দায়ের করা একটি অস্ত্র মামলার আসামি।
আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী আবু বকর মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, আমতলীর একটি ডাকাতি মামলায় (জিআর ২৩২/২৬) রনিকে শোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে তোলা হয়। এ সময় বিচারকাজ চলাকালে তিনি আদালতকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করেন।
পরে আদালতের বিজ্ঞ বিচারকের জিজ্ঞাসাবাদে আসামি রনি নিজের দোষ স্বীকার করলে আদালত দণ্ডবিধির ২২৮ ধারায় তাকে দুই মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকেট মাহবুব আলম জানান, বিচারিক শৃঙ্খলা রক্ষায় আদালতের এই কঠোর অবস্থান ভবিষ্যতের জন্য সব আসামির প্রতি একটি সতর্কবার্তা।








