ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে হরিপুর থানা পুলিশ পরিচালিত মাদকবিরোধী অভিযানে ১৪৫ (একশত পঁয়তাল্লিশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১০,০০,০০০ (দশ লাখ) টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ১৬০ সিসির হোন্ডা এক্সব্লেড মোটরসাইকেল জব্দ করা হয়।
ঠাকুরগাঁও জেলার সম্মানিত পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং হরিপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ৩১ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, রাত ১১টা ৩০ মিনিটে জানতে পারে, হরিপুর থানাধীন ৬ নম্বর ভাতুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মহেন্দ্রগাঁও (জিগা) গ্রাম থেকে মহেন্দ্রগাঁও (জিগা) বিলগামী নয়াবাঁশ নামক স্থানে একটি মোটরসাইকেলসহ এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশের অভিযানিক দল সেখানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অবস্থানরত ব্যক্তি তার ব্যবহৃত মোটরসাইকেলটি ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ সদস্যরা ধাওয়া করে আসামি মো. নাজির হোসেন (৫৫), পিতা—মৃত আবদুস সামাদ, সাং—রাউতনগর (মিশনপাড়া), ৩ নম্বর হোসেনগাঁও ইউনিয়ন, থানা—রানীশংকৈল, জেলা—ঠাকুরগাঁওকে আটক করেন।
আটকের পর বিধি মোতাবেক তল্লাশি করে আটক আসামির হেফাজত থেকে সর্বমোট ১৪৫ (একশত পঁয়তাল্লিশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট সম্পর্কে আটক আসামি মো. নাজির হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কৌশলে ঘটনাস্থলে অবস্থান করে। পরবর্তীতে তার স্ত্রী মোছা. নাজমা বেগম (৪৮) সেখানে উপস্থিত হলে তার সঙ্গে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে মাদক বিক্রির টাকা হিসেবে নগদ ১০,০০,০০০ (দশ লাখ) টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত মো. নাজির হোসেন ও মোছা. নাজমা বেগম দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে হরিপুর থানা এলাকাসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন। এছাড়া মোছা. নাজমা বেগম মাদক বিক্রির জন্য অর্থের জোগান, পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা করে আসছিলেন বলে জানা যায়।
তাদের সঙ্গে মাদক ব্যবসায় সহায়তাকারী, মাদক সরবরাহকারী ও মাদক ক্রেতাসহ একাধিক অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। মাদকের উৎস ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় পলাতক ও গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে হরিপুর থানায় মামলা করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত রেখেছে। মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা, পরিবহন ও বিস্তারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








