বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গলাচিপা উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি কার্যালয়ে সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে পৌর শহরে বাদ্যযন্ত্রসহ শোভাযাত্রা বের করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা হাজী মো. গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব মিয়া, দলের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন খান, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা ইখতিয়ার রহমান কবির, পৌর সভাপতি মো. রফিকুল ইসলাম খান, বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবাহান, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য গলাচিপা-দশমিনা নির্বাচনী এলাকার বিএনপির সংগঠক প্রয়াত আলহাজ্ব মো. শাহজাহান খানের সুযোগ্য পুত্র হাজী শিপলু খানসহ যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দ।
অপরদিকে, সাবেক ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বিএনপির সভাপতি ও গত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থক ও নেতাকর্মীরা শত শত সমর্থককে নিয়ে সিনেমা হলের সামনের রাস্তায় সমাবেশ করেন এবং র্যালি বের করেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে পথসভায় বক্তব্য রাখেন সাবেক বিএনপি নেতা মশিউর রহমান শাহিন খন্দকার, সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সবুজ, মৎস্যদলের নেতা মো. জাকির হোসেনসহ নেতাকর্মীরা।
উল্লেখ্য, উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানান, তাদের একটি অফিস ভাঙচুরসহ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াসহ স্থানীয় নেতাদের ছবি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় পুলিশ প্রশাসন শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। পাশাপাশি পৃথক পৃথক র্যালি-মিছিলের সামনে ও পেছনে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়।









