পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে নারী ও শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে মাওয়া সংযোগ সড়কের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাগুরা থেকে যাত্রী নিয়ে ঢাকাগামী ‘নিউ গ্রীন লাইন এক্সপ্রেস’ বাসটি মাওয়া ঢালে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি সড়কের পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা খেয়ে মহাসড়কের ওপর উল্টে যায়।
দুর্ঘটনার পর বাসের ভেতরে কয়েকজন যাত্রী আটকা পড়েন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। উদ্ধার শেষে দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রাথমিকভাবে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।









