মাদারীপুরের কালকিনিতে বসতবাড়িতে চুরির ঘটনায় চোরাই স্বর্ণ বিক্রির ২ লাখ ৪০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও চুরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঝাউতলা এলাকায় একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটের ব্যালকনি ও জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে স্বর্ণের হার, টিকলি, আংটি, কানের দুল, ব্রেসলেট, নাকফুল, রুপার নুপুরসহ বিভিন্ন অলংকার চুরি করা হয়।
ঘটনার পর তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে **মো. সুজন সরদার (৩৪)**কে শনাক্ত করে পুলিশ। পরে তাকে কালকিনি উপজেলা পরিষদ এলাকা থেকে আটক করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে সুজন চুরির কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী চুরি যাওয়া স্বর্ণ বিক্রির ২ লাখ ৪০ হাজার টাকা এবং চুরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরে সুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে কালকিনি বাজারের **বিসমিল্লাহ জুয়েলার্সের মালিক এনামুল হক (৪৫)**কে আটক করা হয়। তার দেখানো মতে দোকান থেকে ছেঁড়া স্বর্ণের হার, এক জোড়া কানের দুল, টিকলি, ব্রেসলেট ও গলিত স্বর্ণের টুকরাসহ বিভিন্ন অলংকার উদ্ধার করা হয়।
এ ঘটনায় ৩০ আগস্ট কালকিনি থানায় দণ্ডবিধির ৪৫৪/৩৮০/৪১১ ধারায় মামলা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।









