মাগুরার আলোচিত আট বছর বয়সী শিশু আছিয়া আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।
সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৫ মার্চ রাতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। মামলার অভিযোগ অনুযায়ী, শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করেন।
গুরুতর আহত অবস্থায় আছিয়াকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় আছিয়ার মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। ২০২৫ সালের ১৩ এপ্রিল মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। মাত্র ১৩ কার্যদিবসে শেষ হয় বিচারিক কার্যক্রম। রাষ্ট্রপক্ষে ২৯ জন সাক্ষী সাক্ষ্য দেন।
গত বছরের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হিটু শেখকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করেন। মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।
পরে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। দীর্ঘ শুনানি শেষে সোমবার হাইকোর্টও হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রাখেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, হিটু শেখ ১৬৪ ধারার জবানবন্দিতে ঘটনার বর্ণনা দিয়েছেন। এছাড়া আলামত ও ডিএনএ পরীক্ষাতেও তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে আদালতে উপস্থাপন করা হয়।
এদিকে হাইকোর্টের রায়ের পর এখন আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।









