প্রয়াত চিকিৎসক ডা. ফজলুল করিমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পটুয়াখালীতে মঞ্চস্থ হয়েছে নাটক ‘থিয়েটারওয়ালা’। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকটি মঞ্চায়ন করে আগুন মুখা নাট্যগোষ্ঠী, পটুয়াখালী।
নাটকটির পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন আব্দুল্লাহ আশরাফ অপূর্ব। রচনা করেছেন স্বপীল দাস এবং সংলাপ সম্পাদনা করেছেন জান্নাতুল ফেরদৌসী জারা। সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন জেলা কালচারাল অফিসার ও জেলা শিল্পকলা একাডেমির সংশ্লিষ্ট কর্মকর্তা কাজী মো. কামরুজ্জামান। সহ-সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন মো. জুবায়ের রহমান।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মাহমুদ উন নবী, প্রতিমা সেন প্রীতি, আশিক আহমেদ, ফারহানা জামান মৌমি, জান্নাতি আক্তারসহ একাধিক শিল্পী। পাশাপাশি স্থানীয় নাট্যকর্মী ও সংস্কৃতিকর্মীরাও এতে অংশ নেন।
নাটক মঞ্চায়নকে ঘিরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাট্যপ্রেমী দর্শকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। শিল্পীদের অভিনয়, সংলাপ ও মঞ্চায়নের মধ্য দিয়ে দর্শকদের সামনে নাটকের গল্প ও নানা সামাজিক বার্তা তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, প্রয়াত ডা. ফজলুল করিমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পটুয়াখালীতে নাট্যচর্চাকে আরও সমৃদ্ধ ও এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।









