বরগুনার আমতলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলা ছাত্রলীগের কর্মী মো. সাগর মাহমুদ নিশান (২৩) ও মো. রাকিবুল ইসলাম গাজী (২৮)।
সাগর মাহমুদ নিশান উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে। রাকিবুল ইসলাম গাজী চাওড়া ইউনিয়নের চলাভাঙ্গা (লোদা) এলাকার মৃত নুরুজ্জামান গাজীর ছেলে।
জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ২টা ২০ মিনিটে সাগর মাহমুদ নিশানকে এবং রাত ৩টা ১৫ মিনিটে রাকিবুল ইসলাম গাজীকে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত দু’জন আগে আমতলীর বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত একাধিক মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ ও নেতৃত্ব দিয়েছেন। এছাড়া তারা আমতলী থানায় ২০২৫ সালের ৭ অক্টোবর দায়েরকৃত একটি মামলার এজাহারভুক্ত আসামি।
মামলাটিতে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট-১৯৭৪ এর ১৫(৩)/২৫(ডি), দণ্ডবিধির ৩২৩/৩২৬/৩০৭ এবং এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট-১৯০৮ এর ৩এ/৬ ধারায় অভিযোগ রয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হুসাইন বলেন, ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দু’জনকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।









