পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে জাহাজের মালামাল বোঝাই-খালাস (হ্যান্ডলিং) কার্যক্রমে নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে সড়ক অবরোধ, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্যরা।
মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুৎকেন্দ্রের জেটি ঘাটের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকরা। পরে লোন্দা-মরিচবুনিয়া সড়ক অবরোধ করে সেখানে অবস্থান নেন তারা।
বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলার পর কলাপাড়া থানা পুলিশের মধ্যস্থতায় আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেন শ্রমিকরা।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কবির হোসেন ব্যাপারী, সাধারণ সম্পাদক শাহাজামান ও সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল অন্তরসহ সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জেলার নিবন্ধিত শ্রমিকদের কাজে অন্তর্ভুক্ত না করে একটি ‘সিন্ডিকেট’ জাহাজের মালামাল বোঝাই-খালাস কার্যক্রম পরিচালনা করে আসছে। নিবন্ধিত শ্রমিকদের কাজে অন্তর্ভুক্তির জন্য বারবার আবেদন জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি।
তারা বলেন, নিবন্ধিত ও স্থানীয় শ্রমিকদের বাদ দিয়ে কোনো সিন্ডিকেটের মাধ্যমে শ্রমিক নিয়োগ মেনে নেওয়া হবে না। দ্রুত তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।









