চট্টগ্রামে ব্যাংকে জমা রাখা টাকা প্রয়োজনের সময় তুলতে না পারার অভিযোগে বিক্ষোভ করেছেন বিভিন্ন এলাকার আমানতকারীরা। সোমবার (২৪ আগস্ট) নগরের হালিশহর এলাকায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জোনাল অফিসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সম্মিলিত ইসলামিক ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম কমিটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভে কেরানীহাট, মহেশখালী, পটিয়া, আনোয়ারাসহ বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০০ থেকে ১৫০ জন আমানতকারী অংশ নেন।
বিক্ষোভ চলাকালে সংগঠনটির অর্থ সম্পাদক মো. আলাউদ্দিন কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, অসুস্থ মাকে কয়েক দিন আগে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এসেছেন। কিন্তু ব্যাংকে নিজের টাকা জমা থাকা সত্ত্বেও প্রয়োজনের সময় তা তুলতে পারছেন না। ফলে মায়ের চিকিৎসার খরচ জোগাড় করতে সমস্যায় পড়েছেন তিনি।
আমানতকারীরা অভিযোগ করেন, গত কয়েক দিন ধরে বিভিন্ন শাখায় টাকা উত্তোলনসহ ব্যাংকিং সেবা নিতে গিয়ে তাঁরা নানা ধরনের অসহযোগিতার মুখে পড়ছেন। জরুরি প্রয়োজনে নিজেদের জমা করা টাকা তুলতে না পারায় অনেকেই আর্থিক ও পারিবারিক সংকটে পড়েছেন।
অ্যাসোসিয়েশনের নেতারা জানান, গত ১০ থেকে ১৫ দিন চট্টগ্রামের বিভিন্ন শাখা পরিদর্শন করে তাঁরা আমানতকারীদের সমস্যার কথা শুনেছেন। পরে সোমবার জোনাল অফিস কর্তৃপক্ষের সঙ্গে এসব সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
সংগঠনটির দাবি, আলোচনার পর উপস্থিত আমানতকারীদের মধ্যে প্রায় ৬৬ জনের সমস্যার তাৎক্ষণিক সমাধান করা হয়েছে। এ ছাড়া অন্যান্য জরুরি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য অগ্রাধিকার ভিত্তিতে প্রধান কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
সম্মিলিত ইসলামিক ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম কমিটির সভাপতি মু. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহসভাপতি শারমিন আক্তার ও অর্থ সম্পাদক মো. আলাউদ্দিনের নেতৃত্বে কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অ্যাসোসিয়েশনের সহসভাপতি শারমিন আক্তার বলেন, আমানতকারীরা দীর্ঘদিন ধরে নিজেদের জমা করা টাকা তুলতে না পেরে ভোগান্তির মধ্যে রয়েছেন। বিশেষ করে চিকিৎসাসহ জরুরি প্রয়োজনে টাকা তুলতে না পারায় অনেক গ্রাহক সংকটে পড়েছেন। দ্রুত সমস্যার সমাধান করে আমানতকারীদের স্বাভাবিক ব্যাংকিং সুবিধা নিশ্চিত করার দাবি জানান তিনি।









