চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) স্টেশনে শাটল ট্রেনে ওঠার সময় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক ফুড কার্টের কর্মচারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেশনে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মো. শাহিন শেখ নড়াইলের লোহাগাড়া উপজেলার বাসিন্দা এবং বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় অবস্থিত একটি খাবারের দোকানের কর্মচারী।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ক্লাস শেষে বিকেল ৪টা ৪০ মিনিটের চট্টগ্রাম স্টেশনগামী শাটল ট্রেনে ওঠার সময় অভিযুক্ত শাহিন শেখ ওই ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ ও শ্লীলতাহানি করেন। বিষয়টি সহপাঠীদের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অভিযুক্ত ও ভুক্তভোগীকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে নেওয়া হয়। সেখানে প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী ও সহকারী প্রক্টরদের উপস্থিতিতে অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীর সম্মতিতে রাত ১০টার দিকে অভিযুক্তকে চট্টগ্রাম রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়। একই রাতে ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে শ্লীলতাহানির অভিযোগে একটি মামলা দায়ের করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ঘটনাটির দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন রেলওয়ে থানার সঙ্গে সমন্বয় করছে এবং সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হুদা জানান, মঙ্গলবার রাতেই মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।









