“সাংবাদিকরা সমাজের দর্পণ বা আয়না” — পবিপ্রবি ভিসি ড. এস এম হেমায়েত জাহান
পটুয়াখালী প্রতিনিধি: “সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ বা আয়না। সমাজ ও রাষ্ট্রে যা ঘটে, সাংবাদিকরা তা অবিকল তুলে ধরেন।” — এ মন্তব্য করেছেন ড. এস এম হেমায়েত জাহান।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-এর নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমিতির প্রধান উপদেষ্টা ড. এস এম হেমায়েত জাহানের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. এ বি এম সাইফুল ইসলাম এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ।
এসময় বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি মারসিফুল আলম রিমন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম আকাশ এবং সদস্য জয়ভাই, মোস্তাক আহমেদ প্রীতম, মেহেরুন্নেসা লাভলী, মঈন উদ্দিন ও সালাউদ্দিন আহম্মদসহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, রাষ্ট্র পরিচালনা এবং গণতন্ত্রকে সুসংহত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন, বিচার ও নির্বাহী বিভাগের পাশাপাশি সাংবাদিকতা বা গণমাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে অভিহিত করা হয়।
তিনি আরও বলেন, সংবাদের প্রধান শক্তি হলো সত্য। কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই নিরপেক্ষভাবে সত্য তুলে ধরাই একজন আদর্শ সাংবাদিকের দায়িত্ব। প্রতিকূল পরিবেশ, দুর্যোগ, যুদ্ধ কিংবা যেকোনো সংকটময় পরিস্থিতিতেও সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করে থাকেন।
উপাচার্য বর্তমান সময়ে ‘ইয়েলো জার্নালিজম’ বা হলুদ সাংবাদিকতার বিস্তারে উদ্বেগ প্রকাশ করে বলেন, নির্ভরযোগ্য তথ্য ছাড়া শুধুমাত্র পাঠক আকর্ষণের উদ্দেশ্যে চটকদার, অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন সাংবাদিকতার নৈতিক আদর্শের পরিপন্থী। এ ধরনের চর্চা থেকে সাংবাদিকদের বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
সভা শেষে সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ নবনিযুক্ত উপাচার্য ও সমিতির প্রধান উপদেষ্টা ড. এস এম হেমায়েত জাহানকে ফুলেল শুভেচ্ছা জানান।








