পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাবনাবাদ চ্যানেলে মাছ ধরার সময় বজ্রপাতে ট্রলার থেকে নদীতে পড়ে রুবেল হাওলাদার নামে এক মাঝি নিখোঁজ হয়েছেন। একই ঘটনায় শাহাদাত মৃধা, রাজিব সরদার ও নাসির ভূইয়া নামে তিন জেলে আহত হয়েছেন।
সোমবার সকাল ১১টার দিকে পায়রা সমুদ্রবন্দরের তিন নম্বর বয়া সংলগ্ন গনির টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রুবেল হাওলাদার বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নম্বর ডিগ্রির মাঝগ্রাম এলাকার বাসিন্দা এবং তিনি ট্রলারটির মালিক ও মাঝি ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বজ্রপাতের সময় রুবেল ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। আহত তিন জেলে কিছু সময় ট্রলারের ওপর অচেতন অবস্থায় ছিলেন। পরে আশপাশের ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
ঘটনার পর থেকেই স্থানীয় জেলেরা নিখোঁজ রুবেলকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোস্ট গার্ডকে বিষয়টি জানানো হয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।









