পটুয়াখালীর কলাপাড়ায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম মিলি আক্তার মায়া (২৩)। তিনি উপজেলার লতাচাপলী ইউনিয়নের নাইউরিপাড়া গ্রামের বাসিন্দা এবং একই এলাকার ট্রাক শ্রমিক নাঈম (২৫)-এর স্ত্রী।
রবিবার (১২ জুলাই) ভোরে নিজ বাড়িতে মিলি আক্তার মায়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্বামী নাঈম। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে বিষয়টি মহিপুর থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মিলি আক্তার মায়া চাঁদপুর জেলার খোরশেদ আলমের মেয়ে। ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর প্রায় দুই বছর আগে নাঈমের সঙ্গে তার বিয়ে হয়।
তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








