পটুয়াখালীর দশমিনায় বিএনপির কাউন্সিলে ককটেল বিস্ফোরণ, মঞ্চ ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পাঁচ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার সকালে পটুয়াখালী জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন অভিযুক্তরা। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ মার্চ উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল চলাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ, মঞ্চ ভাঙচুর ও লুটপাট চালায় এবং বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতি সবুজ ঢালি ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি ৪৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করে দশমিনা থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত পাঁচজন হলেন গৌতম রায়, কাজী আজাদ, শাহজাহান, জাকির হোসেন ভূট্টু ও রমিজ মোল্লা।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, অভিযুক্তরা আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে মামলার কাগজপত্র এখনও থানায় পৌঁছেনি বলে তিনি জানান।








