পটুয়াখালীর বাউফলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে উপজেলা ছাত্র শক্তির আহ্বায়ক মো. রুহুল আমিনকে (২২) হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের সক্রিয় কর্মী ইফতি আহম্মেদ শাওনের (২৪) বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার রাতে বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রুহুল আমিন।
অভিযুক্ত ইফতি আহম্মেদ শাওন উপজেলার নাজিরপুর গ্রামের বাসিন্দা মো. অহিদুল গাজীর ছেলে। তিনি ছাত্রদলের কোনো পদে না থাকলেও সংগঠনটির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের দাবি, মঙ্গলবার বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি রাজনৈতিক স্ট্যাটাস দেন। এর প্রতিক্রিয়ায় উপজেলা ছাত্র শক্তির আহ্বায়ক রুহুল আমিনও নিজের ফেসবুক আইডিতে পাল্টা মন্তব্য করেন।
পরবর্তীতে ইফতি আহম্মেদ শাওন রুহুল আমিনের স্ট্যাটাসের একটি ফটোকার্ড শেয়ার করে অশালীন ভাষা ব্যবহার করেন এবং তাকে মারধর করে থানার সামনে ঝুলিয়ে রাখার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
এদিকে ওই পোস্টে মন্তব্য করে উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদও কটূক্তিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন বলেন, প্রকাশ্যে একজন রাজনৈতিক কর্মীকে হত্যার হুমকি দেওয়া এবং সেটিকে সমর্থন জানিয়ে অশালীন মন্তব্য করা উদ্বেগজনক ও নিন্দনীয়।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইফতি আহম্মেদ শাওনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, “এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”









