বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কবলে পড়ে বরগুনার আমতলী উপজেলার ফকিরহাট সংলগ্ন বঙ্গোপসাগরে ১৮ জেলেসহ দুটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন দুই জেলে।
মঙ্গলবার (৭ জুলাই) রাত ৮টার দিকে ফকিরহাট উপ-মৎস্য অবতরণ কেন্দ্র থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলেরা হলেন উপজেলার সোনাকাটা ইউনিয়নের কালাম পাইকার ও শহীদ।
উদ্ধার হওয়া জেলেরা জানান, ইলিশ শিকারের উদ্দেশ্যে সাগরে যাওয়ার পর হঠাৎ বৈরী আবহাওয়া ও প্রবল ঢেউয়ের আঘাতে প্রথমে একটি ট্রলার ডুবে যায়। পরে অন্য ট্রলারটিতে আশ্রয় নিলেও সেটিও ডুবে যায়। দীর্ঘ সময় সাগরে ভাসমান থাকার পর রাত ৩টার দিকে অন্য একটি ট্রলার ১৬ জন জেলেকে উদ্ধার করে মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ফকিরহাট উপ-মৎস্য অবতরণ কেন্দ্র ট্রলার মালিক সমিতির সভাপতি মজিবুর রহমান ফরাজী জানান, নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে প্রশাসনের পাশাপাশি সমিতির পক্ষ থেকেও চেষ্টা চলছে।
তালতলী কোস্টগার্ড ও উপজেলা প্রশাসন জানিয়েছে, সাগর উত্তাল থাকায় এখনো উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। আবহাওয়া স্বাভাবিক হলে অভিযান চালানো হবে।









