মোঃ বেলাল হোসেন, বাকেরগঞ্জ (বরিশাল): সম্প্রতি বিভিন্ন মাধ্যমে “বরিশালের বাকেরগঞ্জে অসুস্থ মাকে নির্যাতন” শিরোনামে যে সংবাদ প্রচারিত হয়েছে, সেটিকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন অভিযুক্ত পরিবারের সদস্যরা।
জানা যায়, বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চামটা এলাকার বাসিন্দা এবং ঢাকা মুগদা থানায় কর্মরত এএসআই বেলাল হোসেন ও ইতালিপ্রবাসী সজিব খানের মা মোছাম্মৎ বিউটি বেগম দীর্ঘ চার বছর ধরে স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী রয়েছেন।
এ ব্যাপারে অসুস্থ মা বিউটি বেগম বলেন, “আমার দুই ছেলে। এর মধ্যে একজন পুলিশ অফিসার এবং অন্যজন ইতালিতে থাকেন। তাদের স্ত্রীরা আমার সঙ্গে থাকে। আমার পুত্রবধূরা আমাকে নিয়মিত দেখাশোনা করে, সেবা-যত্ন করে, গোসল করিয়ে দেয় এবং সময়মতো খাবার খাইয়ে দেয়। আমার ওপর নির্যাতনের যে অভিযোগ প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।
এ বিষয়ে পার্শ্ববর্তী প্রতিবেশীদের সঙ্গে কথা বললে তারাও জানান, বিউটি বেগমের দুই পুত্রবধূ শাশুড়ির প্রতি অত্যন্ত আন্তরিক। তারা নিয়মিত তার সেবা-যত্ন করেন এবং সবসময় পাশে থাকেন। এলাকার কিছু কুচক্রী মহল ব্যক্তিগত স্বার্থে ও পরিবারটিকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তারা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে বিউটি বেগমের চিকিৎসা, ওষুধপত্র এবং সার্বক্ষণিক পরিচর্যার দায়িত্ব তার সন্তান ও পুত্রবধূরাই পালন করে আসছেন। তাই নির্যাতনের অভিযোগের কোনো সত্যতা নেই।
পরিবারটি সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকর্মীদের কাছে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে।
একই সঙ্গে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে সামাজিকভাবে সম্মানহানির চেষ্টা বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছে।








