রিয়াদ মাহমুদ, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৮ জুন) সকাল ৯টায় কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অস্থায়ী হলরুমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কর্মকার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ অমৃতা সরকার, ইপিআই টেকনোলজিস্ট এবিএম আনিসুল হক, স্বাস্থ্য পরিদর্শক মোঃ শহিদুজ্জামানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর কাউখালী উপজেলার ১২১টি কেন্দ্রে মোট ৭ হাজার ৬০৯ জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
ক্যাম্পেইন চলাকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কর্মকার উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে কার্যক্রমের অগ্রগতি তদারকি করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কর্মকার বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুদের পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং রাতকানা রোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। আমরা উপজেলার প্রতিটি উপযুক্ত শিশুকে এই কর্মসূচির আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।
অভিভাবকদের সচেতন অংশগ্রহণের কারণে ক্যাম্পেইন সফলভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।








