গলাচিপা প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের বাদুরা বাজার এলাকায় একটি কার্টনের বাক্সের ভেতর থেকে অপরিপক্ক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আকন বাড়ির সামনে স্থানীয়রা একটি কার্টনের বাক্স পড়ে থাকতে দেখে সন্দেহ হলে সেটি খুলে ভেতরে নবজাতকের লাশ দেখতে পান। পরে তারা বিষয়টি গলাচিপা থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমতিয়াজ আহমেদ জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে একটি অপরিপক্ক নবজাতকের ভ্রূণ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।









