দুমকি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কীটতত্ত্ব বিভাগের (এন্টোমলজি) অধ্যাপক ড. মো: আতিকুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের (অতিরিক্ত) দায়িত্ব প্রদান করা হয়েছে।
রবিবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (অ: দা:) অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি প্রার্থনা করায় অধ্যাপক ড. মো: আতিকুর রহমানকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে।
উল্লেখ্য, অধ্যাপক ড. মো: আতিকুর রহমান পবিপ্রবির কীটতত্ত্ব বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।









