পটুয়াখালী সদর উপজেলায় একটি নির্মাণাধীন সেফটি ট্যাংকিতে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার কমলাপুর ইউনিয়নের চৌদ্দবুড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চৌদ্দবুড়িয়া এলাকার শিকদার বাড়ির আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে মোহাম্মদ নূহু (২৫) এবং একই এলাকার মোহাম্মদ আশরাফ চৌকিদার ওরফে আশরাফ মোল্লা (৪৫)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, চৌদ্দবুড়িয়া এলাকার একটি বাড়িতে নতুন বাথরুমের সেফটি ট্যাংকি নির্মাণের কাজ চলছিল। বুধবার সকালে শ্রমিক মোহাম্মদ নূহু ট্যাংকির ভেতরে কাজ করতে নামেন। ভেতরে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়ে যান।
সহকর্মীকে বাঁচাতে অন্য শ্রমিক আশরাফ মোল্লা দ্রুত ট্যাংকির ভেতরে নামেন। কিন্তু ভেতরে থাকা বিষাক্ত গ্যাসের তীব্রতায় তিনিও তাৎক্ষণিক অচেতন হয়ে ভেতরে আটকা পড়েন।
ভেতরে কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরবর্তীতে তারা সেফটি ট্যাংকির একাংশ ভেঙে দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। তবে ততক্ষণে মারাত্মক শ্বাসরোধের কারণে দুজনেরই মৃত্যু হয়। স্থানীয়দের ধারণা, দীর্ঘদিন বন্ধ থাকা ট্যাংকিতে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ‘‘ঘটনাটি জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হবে। তদন্ত শেষেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত বলা সম্ভব।’’









