মির্জাগঞ্জ প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে মশার কয়েল পুড়ে এক অগ্নিকাণ্ডে ২টি গরু পুড়ে মৃত্যু হয়েছে ও আরো একটি গরুর অবস্থা আশংকাজনক।
ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগতরাতে (১১ এপ্রিল) গভীর রাতে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছৈলাবুনিয়া গ্রামে। গোয়াল ঘরে রাখা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারনা করা হয়।
স্থানীয় ও ইউপি সদস্য মোঃ আবুল মেম্বার জানান,উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের মৃত ছাদের মোল্লার পুত্র মোঃ মোসলেম মোল্লা তার আঁধাপাঁকা গোয়াল ঘরে ঘটনারদিন গাভীসহ ৪টি গরু বেঁধে রাখেন এবং মশার কয়েল জ্বালিয়ে রাখেন। রাত দুইটারদিকে তার বসত ঘরের এর পাশে থাকা লোকজন আগুন দেখতে পেয়ে ডাকচিৎকার দেয়। ততক্ষনে আগুন ছড়িয়ে পড়ে গোয়াল ঘরে।
এতে ১টি গাভী ও ১টি গাভী বাছুর পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া আরও ১টি গরু আংশিক দগ্ধ হয়ে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে বাড়ির লোকজন আগুনের বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। গাভী ও গেয়ালঘরসহ এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়ে বলে ধারনা করা হয়।









