কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া পৌর শহর পুরান ফেরিঘাট সংলগ্ন সড়ক,ফুটপাত ও খেয়াঘাট বালু-পাথর দিয়ে বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) শেষ বিকেলে ফেরিঘাট সংলগ্ন সড়কে পৌর শহরের ১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময়ে বক্তব্য রাখেন স্থপতি মো.ইয়াকুব খান, কৃষিবিদ মোঃ আহসান হাবিব, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, গাউস মাতুব্বর, অ্যাডভোকেট এজেড কাওসার, ব্যবসায়ী মোঃ শাহজাহান পাহলান, মিন্টু মোল্লা ও সমাজ সেবক আফতাব হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ফেরি ঘাটের এই সড়ক দিয়ে ইস্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ তিনটি ইউনিয়নের লোক চলাচল করে। সড়কটির উপর বালু পাথর রাখার ফলে সাধারণ জনগণের চলাচলে প্রচন্ড বাধাগ্রস্ত হচ্ছে। প্রতিনিয়ত এখান দিয়ে চলাচলে পাথরে পা পিছলে আছড়ে পড়ে আহত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এই পাথর বালি সড়ক থেকে সরানো না হলে কঠোর আন্দোলন করা হবে।









