কলাপাড়া প্রতিনিধি: সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা সাতটায় শপিংমল ও দোকান বন্ধের সিদ্ধান্ত কার্যকর রাখতে পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে। শুক্রবার রাত সাড়ে আটটায় পৌর শহরসহ বিভিন্ন গ্রামীণ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় শহরের মনোহরী পট্টিতে আইন অমান্য করে দোকান খোলা রাখায় রিপন ভ্যারাইটিজ স্টোরের মালিককে এক হাজার ও সুতা ব্যবসায়ী জামাল স্টোরের মালিককে এক হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক ভ্রাম্যমান আদালতের অভিযানে এ জরিমানা আদায় করেন।
তিনি বলেন, জ্বালানী সাশ্রয়ে সরকারী সিদ্ধান্ত অমান্য করে দুই দোকানী তাদের দোকান খোলা রাখেন। পেনাল কোডের ১৮৮ ধারার আওতায় তাদের জরিমানা করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।









