বাউফল প্রতিনিধি: পটুয়াখালী-২ (বাউফল) আসনে ১১ দলীয় জোটের বিজয়ী প্রার্থী ও ড. শফিকুল ইসলাম মাসুদকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে বিএনপির এক নেতার উপস্থিতি ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিকে কেন্দ্র করে দলীয় অঙ্গনে চলছে আলোচনা-সমালোচনা।
রোববার (২২ ফেব্রুয়ারি) বাউফল পাবলিক মাঠে আয়োজিত সংবর্ধনা ও জনসভায় ১১ দলীয় জোটের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানের ভিডিও থেকে নেওয়া একটি স্ক্রিনশটে দেখা যায়, মঞ্চে বক্তব্যরত ড. শফিকুল ইসলাম মাসুদের পেছনে দাঁড়িয়ে আছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক সদস্য সচিব প্রভাষক তারেক। ছবিটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিএনপির একাধিক নেতা ওই ছবি শেয়ার করে প্রভাষক তারেকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ তাকে ‘মোনাফেক’ বলেও মন্তব্য করেছেন। অভিযোগ উঠেছে, নির্বাচনের দিন পর্যন্ত ধানের শীষ প্রতীক ব্যবহার করে দলের পক্ষে কাজ করার কথা বললেও আড়ালে ভিন্ন ভূমিকা পালন করেছেন তিনি ও আরও কয়েকজন নেতা। দাবি করা হচ্ছে, অন্তত ৩০ জন গুরুত্বপূর্ণ নেতা দলের প্রার্থীর পরাজয়ে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, পটুয়াখালী-২ আসনে জামায়াতের জয় তাদের কাছে অপ্রত্যাশিত ছিল। তার ভাষ্য, নির্বাচনের আগে দলীয় কোন্দল ও অভ্যন্তরীণ বিভক্তিই পরাজয়ের বড় কারণ। বিষয়টি প্রমাণসহ কেন্দ্রীয় দপ্তরে লিখিতভাবে জানানো হবে বলেও জানান তিনি।
এদিকে রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, বিএনপির প্রার্থীর পরাজয়ের পেছনে দলীয় বিরোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দলের বিপক্ষে কাজ করা কয়েকজন নেতার পরিচয় তারা ইতিমধ্যে নিশ্চিত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।
ছবি ও অভিযোগ ঘিরে বাউফলের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। সংশ্লিষ্ট নেতাদের কাছ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যার অপেক্ষায় রয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।









