মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির উদ্দেশ্যে পটুয়াখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পটুয়াখালী পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, পটুয়াখালী পৌর প্রশাসক (উপ-সচিব) জুয়েল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার, জেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়জিদ পান্না মিয়া, জেলা জামায়াতের আমীর অ্যাড. নাজমুল আহসান, পটুয়াখালী সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান দুলাল প্রমুখ।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষার্থী, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৫২ সালের আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতির স্বাধীনতার পথ সুগম হয়। ভাষা শহীদদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এসময় তারা।
এ সময় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও প্রমিত ভাষায় গল্প বলা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।









