তারুণ্যের উৎসব উপলক্ষ্যে পটুয়াখালীতে যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক (অঃ দাঃ) আব্দুর রশীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের উপসচিব, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক জুয়েল রানা। তিনি বলেন, “দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রধান শক্তি হলো তরুণ সমাজ। সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের মানবসম্পদে রূপান্তর করতে পারলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালীর উপপরিচালক মোঃ হামিমুর রশীদ এবং যুব প্রশিক্ষণ কেন্দ্র, পটুয়াখালীর ডেপুটি কো-অর্ডিনেটর জনাব মোঃ বদরুদ্দোজাহান। তারা তরুণদের মাদক ও অপরাধমুক্ত জীবন গড়ে তোলার পাশাপাশি আত্মকর্মসংস্থানে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
পটুয়াখালী ইয়ুথ ফোরামের নির্বাহী পরিচালক ও যুব উদ্যোক্তা জহিরুল ইসলাম বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর তরুণদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আরও কার্যকর টেকসই পদক্ষেপ নিতে হবে।
আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যুব সংগঠন ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে তরুণদের সঙ্গে অতিথিদের মতবিনিময় অনুষ্ঠিত হয়।









