বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় ডাকাতির চেষ্টা ব্যর্থ হওয়ায় এক স্কুল শিক্ষক ও তাঁর কন্যাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গভীর রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত স্কুল শিক্ষক হোসনে আরা বেগম জানান, গভীর রাতে ঘরের ভেতর শব্দ পেয়ে তিনি ঘুম থেকে জেগে ওঠেন। এ সময় ঘরের ভেতরে দুইজন অজ্ঞাত ব্যক্তিকে দেখতে পান। তাদের দেখে চিৎকার শুরু করলে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে তাঁকে ও তাঁর ১৪ বছর বয়সী কন্যা তাবিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং মারধর করে গুরুতর আহত করে।
একপর্যায়ে মা-মেয়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









