কুয়াকাটা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও ভোটদানে উদ্বুদ্ধ করতে কুয়াকাটা আলীপুর এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল চারটার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় ভোটারদের ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের আইনগত দিক এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটদান নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)-এর সহকারী পরিচালক আসাদুজ্জামান খান এবং কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সুমন মিয়া।
বক্তারা বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের সক্রিয় অংশগ্রহণ। সুষ্ঠু নির্বাচন ও গণভোট বাস্তবায়নে প্রতিটি ভোটারের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। ভোটারদের নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মিজানুর রহমান। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সিপিপি স্বেচ্ছাসেবক, গণমাধ্যমকর্মী ও সাধারণ ভোটাররা সভায় অংশগ্রহণ করেন।









