পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পটুয়াখালী “খ” সার্কেলের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। এর মধ্যে একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং অপর একজনকে মোবাইল কোর্টে সাজা দেওয়া হয়েছে।
ডিএনসি সূত্রে জানা যায়, শনিবার (১১ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টা ২০ মিনিট থেকে ৭টা ৪০ মিনিট পর্যন্ত মহিপুর থানাধীন বলিপাড়া ১ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আসামি শহিদুল ইসলাম (৩৫)-এর নিজ দখলীয় পাকা দেওয়াল ও টিনের ছাউনিযুক্ত বসতঘরে তল্লাশি চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম কামাল শিকদারের ছেলে। তার বাড়ি বলিপাড়া ছোট বালিয়াতলী, শিকদার বাড়ি রোড, ১ নম্বর ওয়ার্ড, বালিয়াতলী ইউনিয়ন, কলাপাড়া উপজেলায়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) ধারার সারণীর ক্রমিক নং ১০(ক) অনুযায়ী ডিএনসি “খ” সার্কেলের পরিদর্শক মোঃ শাহিনুল কবীর বাদী হয়ে কলাপাড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
অন্যদিকে, একই দিন রাত ৭টা ৫০ মিনিটে কলাপাড়া থানাধীন বালিয়াতলী ব্রিজের নিচে ফাঁকা জায়গায় পরিচালিত আরেক অভিযানে মোঃ সজীব খাঁ (১৯)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৪২(১) ধারায় সজীব খাঁকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ মামলায় প্রসিকিউশন দাখিল করেন ডিএনসি “খ” সার্কেলের পরিদর্শক মোঃ শাহিনুল কবীর। মোবাইল কোর্ট মামলার নম্বর ০৮/২৬, তারিখ ১১ জানুয়ারি ২০২৬।
ডিএনসি সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে।









