বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পটুয়াখালীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) বাদ মাগরিব ‘তারেক জিয়া পরিষদ, পটুয়াখালী’ এর উদ্যোগে বিএনপির মনোনীত পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীর নিজ বাসভবন সুরাইয়া ভিলা’য় এই শোক সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মো. মাকসুদ আহম্মেদ বায়েজীদ পান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আনিছুর রহমান।
এসময় পটুয়াখালী জেলা তারেক জিয়া পরিষদের আহ্বায়ক মো. বায়জিদ আহমেদ মৃধার সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. সোহাগ হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদানের কথা স্মরণ করেন।
তারা বলেন, দেশনেত্রীর আদর্শকে ধারণ করেই আগামী দিনে এগিয়ে যাবে বাংলাদেশ। আলোচনা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের যুগ্ম আহ্বায়কবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।









