পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, নগদ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানাধীন কাশিপুর বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৯৭ পিস ইয়াবা, যার আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা, নগদ ১১ হাজার ৮২০ টাকা এবং ৩০০ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করতে ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।









