আজ ভয়াল ১২ নভেম্বর। উপকূলবাসীর হৃদয় কান্না জড়ানো শোকের দিন। আজ থেকে ৫৬ বছর পূর্বে ১৯৭০ সালের এই দিনে শতাব্দীর সবচেয়ে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস ‘গোর্কী’তে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল পটুয়াখালী, বরগুনা, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, সন্দ্বীপসহ দক্ষিণ উপকূলের বিশাল জনপদ। প্রাণহানি ঘটেছিল প্রায় ১০ লাখ আদম সন্তানের। মারা গিয়েছিল লাখ লাখ গবাদিপশু ও জীবজন্তু। মৃতদের মধ্যে সরকারি হিসেবে কেবল নদী-সাগরে মাছ ধরারত অবস্থায় ৪৬ হাজার জেলের মৃত্যু হয়েছিল। পাঁচ কোটি মেট্রিক টন খাদ্যশস্যের ক্ষতি হয় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে। পটুয়াখালী থেকে চট্টগ্রাম পর্যন্ত ৮১ হাজার বর্গকিলোমিটার এলাকার কোটি কোটি টাকার অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়। আগের দিন যে জনপদ ছিল মানুষের কোলাহলে মুখরিত, মাঠজুড়ে ছিল কাঁচা-পাকা সোনালি ধানের সমারোহ, পরদিন সেই জনপদের কোনো চিহ্ন ছিল না। ধ্বংসের তাণ্ডবলীলা এ অঞ্চলকে পরিণত করেছিল মৃত্যুপুরীতে। স্বজন হারানোর সেই দুঃসহ স্মৃতি নিয়ে আজও যারা বেঁচে আছেন, সেদিনের সেই বিভীষিকাময় দিনটি মনে পড়তেই আঁতকে ওঠেন তারা। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশের ১৮টি জেলা। বিরান ভূমিতে পরিণত হয় পটুয়াখালী, বরগুনা, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চট্টগ্রামের উপকূল।
আগের দিন ছিল ১১ নভেম্বর। সকাল থেকে আকাশ ছিল ভারী মেঘে ঢাকা। পরের দিন ১২ নভেম্বর সকাল থেকে পুরো আকাশ কালো মেঘে ঢাকা ছিল, সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। দুপুর থেকে বাতাসের গতিবেগ বাড়তে থাকে। সাগর রুদ্রমূর্তি ধারণ করে। ২০ থেকে ২৫ ফুট উঁচু হয়ে একের পর এক ঢেউ উপকূলে আছড়ে পড়তে থাকে। বিকেলের মধ্যে ৭-৮ ফুট পানির নিচে তলিয়ে যায় পটুয়াখালী জেলার গলাচিপা, দশমিনা, কলাপাড়া, বরগুনার পাথরঘাটা, বেতাগী, তালতলী, আমতলী, ভোলা জেলার চরফ্যাশন, লালমোহন, দৌলতখান, মনপুরা, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, নোয়াখালীর হাতিয়া, সুধারাম, রামগতি, রায়পুর ও সোনাগাজী, চট্টগ্রাম জেলার কুতুবদিয়া, বাঁশখালী, সন্দ্বীপ, আনোয়ারাসহ বিভিন্ন চরাঞ্চল ও দ্বীপ। উপকূল প্লাবিত হয় ১০-১২ ফুট পানিতে।
১৯৭০ সালের ১২ নভেম্বর ছিল রমজান মাসের শেষ সপ্তাহ। রাত ৮টার পর থেকে ঘূর্ণিঝড় হারিকেন রূপ ধারণ করে উপকূলে আঘাত হানে। রাত সাড়ে ১০টায় বাতাসের তীব্রতা বৃদ্ধি পেয়ে ঘণ্টায় ১৫০ থেকে ২২২ কিলোমিটার বেগে আঘাত হানে। রাত ১টা পর্যন্ত ২৫ থেকে ৩০ ফুট উঁচু জলোচ্ছ্বাস সবকিছু লণ্ডভণ্ড করে দেয়। সমুদ্রের ভরা জোয়ারের সময় ঘূর্ণিঝড়টি সংঘটিত হওয়ায় এমন প্রলয়ঙ্করী জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছিল।
তৎকালীন সময়ে চরাঞ্চলে রেডিও না থাকায় সাধারণ মানুষ জানতে পারেনি প্রলয়ের আগাম বার্তা। তখন উপকূলীয় এলাকায় ছিল না কোনো সাইক্লোন শেল্টার, ছিল না বেড়িবাঁধ। যে কারণে প্রাণহানি ও সম্পদের ক্ষতি বেশি হয়েছে। ওই ঝড়ের সঙ্গে ১৮৭৬ সালের সাইক্লোনের তুলনা করা হয়েছিল।
ঝড়ের তীব্রতা কমে যাওয়ার পর শুরু হয় স্বজনদের খোঁজাখুঁজি। কারও বাবা নেই, মা নেই। আবার কারও নেই স্ত্রী, পুত্র-কন্যা, ভাই-বোন, দাদা-দাদি, নানা-নানি। গাছের ডালে অথবা বাড়িঘরের খুঁটির সঙ্গে ঝুলে ছিল স্বজনদের লাশ। যেদিকে চোখ যায়, শুধু লাশ আর লাশ। তৎকালীন সময়ে উপকূলীয় এলাকায় এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যায়নি, যাদের কোনো প্রিয়জন হারায়নি। দুই-তিন দিন পর উপকূলের সর্বত্র ভাসতে থাকে মানুষ আর গবাদিপশুর মৃতদেহ। আকড়ে ধরা মা ও শিশুর লাশের ছবি আজও বেদনাবিধুর আবহ সৃষ্টি করে।
ঝড়ের পর বিশুদ্ধ পানি ও খাবারের অভাবে জীবিত মানুষের মাঝেও হাহাকার উঠেছিল। লাখ লাখ মানুষের লাশ মাটিচাপা দিতে হয়েছে দাফন-কাফন ছাড়াই। ১২ নভেম্বরের ভয়াল সেই স্মৃতি স্মরণ করে আজও উপকূলীয় এলাকার মানুষ আঁতকে ওঠে। আজও অশ্রু ঝরে স্বজন হারানোর বেদনায়। তৎকালীন পাকিস্তান সরকার এ মহাদুর্যোগকে আমলে না নিলেও বিশ্ববাসী এসে দাঁড়িয়েছিল দুর্গতদের পাশে। বিভিন্ন দেশ থেকে সাহায্য নিয়ে এসেছিল বহু সংস্থা। আন্তর্জাতিক প্রচারমাধ্যমগুলো এ মহাদুর্যোগের খবর ফলাও করে প্রচার করে। তালগাছের মাথায় বেঁচে থাকা মানুষের ছবি আলোড়ন তুলেছিল বিশ্বব্যাপী।
১২ নভেম্বর উপকূলীয় দিবস ঘোষণার দাবি জোরালো হয়ে উঠছে। প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন জেলা ও উপজেলায় আলোচনা সভা, দোয়া-মোনাজাত ও কোরআনখানির আয়োজন করা হয়েছে।








