বরিশালের বাকেরগঞ্জে জমি দখলের চেষ্টা, গাছ কেটে নেওয়া, বসতঘরের ক্ষতিসাধন ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার গারুড়িয়া ইউনিয়নের দেউলী গ্রামের মো. মিজানুর রহমান (৩৫)।
অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন— আলী আকবর মুন্সী (৫৫), আবু তাহের মুন্সী (৪০), আনোয়ার মুন্সী (৪৫), বাশার মুন্সী (৪৮), আবু কাদের মুন্সী (৪৩), মো. ফারহান (২২) ও ফাহাদ মুন্সী (২০)। তারা একই এলাকার বাসিন্দা বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মিজানুর রহমানের বসতঘরের দক্ষিণ পাশের জমি নিয়ে অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযোগকারীর দাবি, বিরোধের জেরে অভিযুক্তরা ওই জমিতে অনধিকার প্রবেশ করে জমি দখলের চেষ্টা করছেন এবং বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যাচ্ছেন।
অভিযোগে আরও বলা হয়, গত ২১ অক্টোবর ২০২৬ তারিখ বেলা আনুমানিক ১১টার দিকে অভিযুক্তরা তাঁর বসতঘরের পাশের জমিতে প্রবেশ করে গাছ কেটে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতিসাধন করেন। এ সময় বাধা দিতে গেলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া বসতঘরের দরজা ও জানালার ক্ষতিসাধন, আরও গাছ কেটে নেওয়া এবং পরিবারের সদস্যদের ক্ষয়ক্ষতির হুমকি দেওয়ার অভিযোগও করেছেন মিজানুর রহমান। তিনি দাবি করেন, এ ঘটনায় তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
অভিযোগকারী জানান, ঘটনার পর তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেও প্রতিকার না পেয়ে পুলিশের শরণাপন্ন হয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেন তিনি।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন মিজানুর রহমান।









