পটুয়াখালী পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক দুর্ভোগ লাঘব এবং জনসেবার মান বাড়ানোর লক্ষ্যে জনপ্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় পৌরসভার সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক মোহাম্মদ তারেক হাওলাদার। এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। সভাস্থলে পৌঁছালে পৌর প্রশাসক তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান।
সভায় পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং নাগরিকদের দৈনন্দিন ভোগান্তির বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। বিশেষ করে শহরের জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত এবং পৌরসভার সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়গুলো গুরুত্ব পায়।
এ সময় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পৌর এলাকার সমস্যা চিহ্নিত করে সমন্বিত উদ্যোগের মাধ্যমে সেগুলোর সমাধান এবং উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়েও আলোচনা হয়।
সভায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস. এম. এ. জাহিদ অপু, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসীম উদ্দীন, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, সাবেক প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট শরীফ মো. সালাহউদ্দিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন।









